Published : 08 May 2026, 03:07 AM
বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিব বলেছেন, প্রকৃতিকে অবজ্ঞা করে উন্নয়নের স্বপ্ন দেখা অর্থহীন। প্রতিটি গাছ যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেনের ব্যাংক, একে ধ্বংস করা মানে তাদের জীবনধারণের অধিকার কেড়ে নেওয়া। নগর পরিকল্পনায় পরিবেশ ও সবুজশ্যামলতা রক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস-২০২৬’ উপলক্ষে এক ছাত্র-যুব সমাবেশে ইকবাল হাবিব এই কথা বলেন। পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস বেলা সাড়ে ১১টায় এই সমাবেশের আয়োজন করে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রাক্তন সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, গাছ শুধু পরিবেশের নয়, মানুষের অস্তিত্বের মূল ভিত্তি।
উন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করতে হবে। জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব রুস্তম আলী খোকন বলেন, তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষার আন্দোলনে আরও বেশি সক্রিয় হতে হবে। পরিবেশ রক্ষা এখন জীবন রক্ষার আন্দোলনে পরিণত হয়েছে। বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস বলেন, নদী, খাল, জলাশয়, গাছপালা—সবকিছুই একে অপরের সাথে জড়িত। এগুলো রক্ষা করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এক চরম বিপর্যয়ের সম্মুখীন হবে। সমাবেশে গ্রিন ভয়েসের কেন্দ্রীয় সহসমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবসের’ মূল লক্ষ্য হলো, ‘গাছ কাটা বন্ধ করো, সারাদেশে পর্যাপ্ত গাছ লাগাও এবং সেগুলোর সঠিক পরিচর্যা করো’।
শুধু গাছ লাগালেই চলবে না, সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। সমাবেশে গ্রিন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সহসমন্বয়ক তরিকুল ইসলাম, শাকিল কবির, ফাহমিদা নাজনীনসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। আরিফুর রহমান সমাবেশটি পরিচালনা করেন। ঢাকা শহরের গ্রিন ভয়েসের ১৮টি ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, সরকারি বাঙলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ইডেন মহিলা কলেজ, হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য শোভাযাত্রা বের করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।।
মিরপুরে দেয়ালধসের মর্মান্তিক পরিণতি: টিসিবির পণ কেনার সময় আরও একজনের মৃত্যু